News Hungama:
নানা বৃত্তিমূলক প্রশিক্ষনের মাধ্যমে বেকার যুবকযুবতীদের কর্মদক্ষ ও আত্মনির্ভর করে তুলছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার
বেকার যুবক–যুবতীদের কর্মদক্ষ করে তুলে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্সের আর্থিক সহায়তায় একাধিক বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার–এর অধীন মা সারদা স্বনির্ভর কেন্দ্র।
২০২৫–২৬ বর্ষের প্রশিক্ষণ ব্যাচের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার মঠ প্রাঙ্গনে।
এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ফ্লেবোটমি টেকনিশিয়ান, সেলাই মেশিন অপারেটর এবং ফিল্ড টেকনিশিয়ান – এসি ও অন্যান্য গৃহস্থালী যন্ত্রপাতি মেরামতির মতো চাহিদাসম্পন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের মতে, শুধুমাত্র সার্টিফিকেট নয়, বাস্তবমুখী হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ৯০ জন যোগ্য প্রার্থীদের হাতে সংসাপত্র তুলে দেন গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস এর ডিরেক্টর(ফাইনান্স) শ্রী নিরঞ্জন ভালেরাও,বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ,জি আর এস ই–এর ডেপুটি ম্যানেজার (এইচআর–সিএসআর) শ্রী রবি সাহা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ডিএমই শ্রীদেবাশিস ভট্টাচার্য,স্বামী অভিন্নানন্দ প্রমুখ।
বক্তারা জানান, সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং বেকার যুবসমাজকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রে প্রবেশের উপযুক্ত করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য।

